কারিগরি কারণে আটকে আছে রূপপুরের ইউরেনিয়ামের চালান: পাকিস্তান

আকাশসীমা ব্যবহারে পাকিস্তানের আপত্তির কারণে নয়, বরং কারিগরি কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম চালান আটকে রয়েছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশন। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ওভারফ্লাইট বা আকাশসীমা অতিক্রমের অনুমতি সংক্রান্ত আবেদন প্রতিষ্ঠিত নির্দেশিকা ও প্রোটোকল মেনে প্রক্রিয়াজাত করা হয়। বিভিন্ন প্রতিবেদনে যে বিষয়গুলো এসেছে, তা মূলত ফ্লাইট রুট এবং আকাশসীমা ব্যবহারের অনুমতির মতো পদ্ধতিগত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। এর জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের প্রয়োজন হয়, যার ফলে ফ্লাইটসূচিতে পরিবর্তন বা সমন্বয় করতে হতে পারে। বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র উল্লেখ করে হাই কমিশন জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা উচিত নয়।

এর আগে ২৪ সেপ্টেম্বর রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত ইউরেনিয়ামের চালান ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা আসেনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম ও যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছিলেন, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এবং রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তার তথ্যের ভিত্তিতে জ্বালানি পৌঁছানো সম্ভব হয়নি। তবে রাশিয়া ইঙ্গিত দিয়েছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালানটি ঢাকায় পৌঁছাতে পারে। উল্লেখ্য, রাশিয়ার কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি।

Related Articles

Back to top button