দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশি সুস্থ আছেন

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাঁরা বর্তমানে দাম্মামের সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে। এতে আহত দুই ব্যক্তি হলেন—কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদরের গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।

মন্ত্রণালয় জানায়, ঘটনার খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে গিয়ে তাঁদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তাঁরা মূলত অতিরিক্ত গরম ও ধোঁয়ার কারণে সাময়িকভাবে জ্ঞান হারিয়েছিলেন, তবে তাঁদের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই।

দূতাবাস প্রতিনিধি জানান, চিকিৎসাধীন দুই বাংলাদেশি এখন সুস্থ আছেন এবং তাঁদের সঙ্গে কথা বলেছেন। আশা করা হচ্ছে, শুক্রবারের মধ্যেই তাঁরা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজ আবাসে ফিরতে পারবেন।

Related Articles

Back to top button