ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না : প্রতিমন্ত্রী টুকু

ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার পাঁয়তারা করলেও বাংলাদেশের সচেতন জনগণই তাদের প্রতিহত করবে।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির আয়োজনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক স্বনির্ভরবিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী টুকু বলেন, গণঅভ্যুত্থানের মুখে হত্যা ও নির্যাতন চালিয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার কিংবা একাত্তরের ঘাতক—কারও মধ্যেই ন্যূনতম অনুশোচনা নেই। অথচ দেশের মানুষ বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখেছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পূর্ণ নিরাপদ। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাসহ অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুম হামিদুল হক মোহনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Back to top button