সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চুরির সন্দেহে পিটুনিতে ১ জনের মৃত্যু, আটক ১


রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে গণপিটুনিতে আলম শেখ (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মোস্তাফিজুর রহমান ওরফে অয়ন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আলম শেখ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রবেশ করেন। সে সময় শিশু চুরির সন্দেহ করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর করেন। প্রচণ্ড মারধরে আলম শেখ গুরুতর আহত হলে অভিযুক্তরা তাকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে পালিয়ে যান।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি (CCTV) ভিডিও ফুটেজ সংগ্রহ করে অভিযান চালায় এবং সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুর রহমানকে আটক করে।
আটক মোস্তাফিজুর রহমান ওরফে অয়নের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর রাজাপুর এলাকায়। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়া পর্বত এলাকায় বসবাস করছেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “চোর সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রথমে তার নাম-পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে আলম শেখ হিসেবে তার পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”




