রাজনৈতিক প্রভাব বিস্তার ও নির্বাচন বানচালের অপচেষ্টার মুখে ইসলামপুর প্রেসক্লাব


জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ উঠেছে একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ক্লাবের কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও নির্বাচনকে ঘিরে নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামপুর প্রেসক্লাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন হয়ে আসছে। ২০২১ সালে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক ক্লাবের সাংবাদিকেরা একত্রিত হয়ে ইসলামপুর প্রেসক্লাবের সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে গত ১৯ সেপ্টেম্বর কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সর্বসম্মত সিদ্ধান্ত ও রেজুলেশন গৃহীত হয়। অনুমোদিত রেজুলেশনে উল্লেখ করা হয়, গঠনতন্ত্রের ৩(ক) ধারা অনুযায়ী এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। তাই ক্লাবের কার্যক্রম বা নির্বাচনে কোনো ব্যক্তি বা রাজনৈতিক মহলের প্রভাব বিস্তারের চেষ্টা গ্রহণযোগ্য নয় এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে।
পরবর্তীতে ১৯ অক্টোবর স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর আহ্বানে ইসলামপুর ডাকবাংলোয় সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তবে নির্বাচন ঘিরে একটি মহল নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাংবাদিকদের মতে, ক্লাবের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হলে সংগঠনের ঐক্য ও স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হতে পারে। ঐতিহ্য ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার পাশাপাশি সংগঠনটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাগত ঐক্য ও স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা।



