বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ড. মঈন খান, দেখতে গেলেন রুহুল কবির রিজভী


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ড. মঈন খানের শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন এবং বর্তমানে তাঁর ‘মাল্টি ডিসিপ্লিনারি’ চিকিৎসা চলছে।
এদিকে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাসপাতালে তাঁকে দেখতে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরবর্তীতে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতালে যান এবং ড. মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক তথ্য নেন।
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।




