এনসিপি নেতার অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

পাবনার সাঁথিয়া পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব মুজাহিদ ফকিরের ফেসবুক স্টোরিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একটি ভিডিও প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভিডিওটি ফেসবুকে দেওয়ার প্রায় এক ঘণ্টা পর তিনি তা সরিয়ে নিলেও ততক্ষণে ভিডিওটি ডাউনলোড করে পোস্ট করায় স্থানীয়ভাবে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দুই ব্যক্তির হাত ও পায়ের অংশ দেখা যায়, যেখানে একজনকে মেঝেতে অস্ত্র রাখতে এবং অন্যজনকে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয় রাজনীতিবিদ ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম এটিকে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা বলে অভিহিত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে মুজাহিদ ফকিরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. বকুল জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং বিস্তারিত খোঁজ নিচ্ছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, উক্ত নেতা পূর্বেও খেলনা পিস্তলের ছবি ফেসবুকে দিয়েছিলেন। তবে নতুন প্রচারিত ভিডিওর অস্ত্রটি আসল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি আসল অস্ত্র হলে প্রদর্শনের আইনি বৈধতা এবং রাজনৈতিক পদে থেকে জনমনে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে পোস্ট দেওয়া হয়েছে কি না, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button