প্লাস্টিকের বোতল দিয়ে মিলল ৭০০ গাছের চারা


প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলছে গাছের চারা। পরিবেশদূষণ রোধ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রয়াস’। তিনটি প্লাস্টিকের বোতল কিংবা নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এতে শিশু, শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। বাড়িতে জমিয়ে রাখা প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিক বর্জ্য নিয়ে সেখানে হাজির হন স্থানীয় বাসিন্দারা। নির্ধারিত স্থানে বর্জ্য জমা দিয়ে তারা সংগ্রহ করেন বিভিন্ন প্রজাতির গাছের চারা। কর্মসূচিতে প্রায় ৭০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, প্লাস্টিক ও পলিথিনের যথেচ্ছ ব্যবহার এবং যত্রতত্র ফেলে দেওয়ার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এ পরিস্থিতিতে শুধু সচেতনতামূলক প্রচারণা নয়, মানুষের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
কর্মসূচিতে অংশ নেওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা ছয়টি প্লাস্টিকের বোতল জমা দিয়ে দুটি গাছের চারা পেয়েছে। সে বলে, এ উদ্যোগের মাধ্যমে মানুষ প্লাস্টিক বর্জ্য সম্পর্কে সচেতন হবে। পাশাপাশি গাছ লাগানোর আগ্রহও বাড়বে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফুল-ফল দেয় এবং পরিবেশ সুন্দর রাখে। এমন উদ্যোগ নেওয়ার জন্য প্রয়াসকে ধন্যবাদ।
১২টি প্লাস্টিকের বোতল নিয়ে কর্মসূচিতে অংশ নেন গৃহিণী আয়েশা। তিনি বলেন, ব্যবহারের পর অনেক সময় আমরা প্লাস্টিকের বোতল ও পলিথিন যত্রতত্র ফেলে দিই। এতে পরিবেশের ক্ষতি হয়। ফেসবুকে এ কর্মসূচির কথা জানতে পেরে বোতল নিয়ে এসেছি। চারা পেয়ে ভালো লাগছে। এতে যেমন প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার সুযোগ হচ্ছে, তেমনি বাড়িতে গাছ লাগানোও হবে।
সংগঠনটির আহ্বায়ক নূরুল জান্নাত মান্না বলেন, প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৭০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। মানুষের ব্যাপক সাড়া তাঁদের ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় ‘প্রয়াস’-এর এ উদ্যোগ প্রশংসনীয়। সমালোচনায় কান না দিয়ে এ ধরনের ভালো কাজ ও জনসচেতনতামূলক কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি হুমকি। এসব বর্জ্য নদী-সাগরে গিয়ে জলজ পরিবেশের ক্ষতি করছে। তাই যত্রতত্র প্লাস্টিক না ফেলে সঠিকভাবে সংগ্রহ, ব্যবস্থাপনা ও অপসারণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।




