ঋণ না পেয়ে গভীর রাতে ব্যাংকের ভল্ট ভাঙতে গিয়ে যুবক আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঋণ শোধের চেষ্টা ব্যর্থ হওয়ায় ব্যাংক চুরির পরিকল্পনা করেন কাওসার আহমেদ (২৫) নামের এক যুবক। গত বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোহাগী বাজারের বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। নৈশপ্রহরীর বুদ্ধিমত্তা, স্থানীয় বাসিন্দা ও টহল পুলিশের তৎপরতায় তাঁকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ইলেকট্রিশিয়ান কাওসার প্রায় তিন মাস আগে বিয়ে করেন এবং এর ফলে প্রায় ২ লাখ টাকার ঋণে জড়িয়ে পড়েন। ঋণ পাওয়ার উদ্দেশ্যে ওই ব্যাংকে গিয়ে ব্যর্থ হয়ে চুরির পথ বেছে নেন তিনি। ঘটনার রাতে ভবনের বাইরের শাটার ও ভেতরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কাওসার। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত নৈশপ্রহরী মাজহারুল ইসলাম সাগরকে ছুরির ভয় দেখিয়ে রশি দিয়ে বেঁধে রেখে ভল্ট ভাঙার চেষ্টা করেন। তবে নৈশপ্রহরী কৌশলে বাঁধন মুক্ত হয়ে নিচে নেমে চিৎকার দিলে টহল পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে কাওসারকে ধরে ফেলে।

কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ব্যাংকের টাকা বা ভল্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা মো. নাজমুল হক বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।

Related Articles

Back to top button