নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১


নাটোরের বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ঢাকাগামী ‘দেশ ট্রাভেলস’-এর একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘তাবাসসুম ট্রাভেলস’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তাবাসসুম পরিবহনের একজন যাত্রী দুর্ঘটনায় মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছিলেন।




