সেলফি বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বেপরোয়া সেলফি পরিবহন বন্ধের দাবিতে স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে ২০০ থেকে ৩০০টি যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)। আহত অটোরিকশা চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি। অটোরিকশাটি বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেলফি পরিবহনের বাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। আশঙ্কাজনক অবস্থায় অপর যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত অটোরিকশা চালককে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Related Articles

Back to top button