বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে দুই ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বাবাকে বাঁচাতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন দুই ভাই। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের বাবা মো. আলম বক্তারকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আইয়ুব আলীর বসতঘরের পূর্ব পাশের বাগানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)। তারা সম্পর্কে সহোদর ভাই এবং আহত আলম বক্তার তাদের পিতা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে আলম বক্তার তাঁর দুই ছেলে রহিম ও রাকিবকে সঙ্গে নিয়ে শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। কাজের একপর্যায়ে দুই ভাই গাছের ওপরে উঠে ডালপালা কাটছিলেন এবং নিচে দাঁড়িয়ে বাবা আলম বক্তার সেই কাটা ডালগুলো ছোট করছিলেন। এ সময় হঠাৎ পাশেই থাকা একটি বৈদ্যুতিক কেবল ছিঁড়ে নিচে থাকা আলম বক্তারের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে গাছে থাকা ছোট ছেলে রাকিব দ্রুত নিচে নেমে তাঁকে বাঁচাতে যান, কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে গাছে থাকা বড় ভাই রহিম তা দেখে ছোট ভাই ও বাবাকে রক্ষা করতে নিচে নেমে এলে তিনিও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাই রহিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন। বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Back to top button