বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি : শামা ওবায়েদ

গত ১০ অক্টোবর সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তা গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে এই মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। বগুড়ার শাহজাহানপুরের বাসিন্দা নিহত শাহেদের পরিবারকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকার অনুদান এবং বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত প্রবাসীদের মধ্যে এটি ১১তম মরদেহ হিসেবে দেশে আনা হলো।

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে শামা ওবায়েদ জানান, ২০২৩ সালের ওই ঘটনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে সরকারি পত্র পাঠানো হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। কোনো নাগরিকের সাজা হওয়ার খবর পাওয়া মাত্রই আইনি সুরক্ষার মাধ্যমে তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। তবে বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের আইনকানুন ভালোভাবে জেনে নেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া বিদেশে কর্মী নিয়োগের খরচ বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগী বা দালালদের কারণেই অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন।

Related Articles

Back to top button