যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক আকস্মিক চুক্তির পর যুক্তরাষ্ট্রগামী প্রথম রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার জাহাজ নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার শিপ-ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে ডিজেলের আকাশচুম্বী দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে চলতি মাসের শুরুতে এই চুক্তির কথা ঘোষণা করেন ট্রাম্প। চুক্তিটি বাস্তবায়নে তিনি রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কয়েকটি ধারা শিথিল করেছেন।
এলএসইজি শিপিং ডেটা অনুযায়ী, ‘আগিওই ফ্যানেন্দেস’ নামের মাঝারি আকারের একটি ট্যাঙ্কার ২২ অক্টোবর রাশিয়ার প্রিমোর্স্ক বন্দর থেকে ৪০ হাজার মেট্রিক টন আল্ট্রা-লো সালফার ডিজেল নিয়ে যাত্রা শুরু করেছে, যা আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারির পর এটিই মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রথম রুশ তেলের চালান।
এর আগে ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, রাশিয়া অবিলম্বে ৩ লাখ মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রপ্তানি করবে এবং পর্যায়ক্রমে আরও ১৫ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, চালানের যাত্রা শুরু হয়েছে এবং জ্বালানি মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী এরপর থেকে নিয়মিত গতিতেই এই সরবরাহ বজায় থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির অংশ হিসেবে রাশিয়া ডিজেল রপ্তানির ওপর নিজেদের জারি করা স্বতঃস্ফূর্ত নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে।




