উইপোকায় নষ্ট দুই লাখ টাকা ফিরে পেলেন কৃষক তোফাজ্জল

আলমারিতে জমিয়ে রাখা সারাজীবনের কষ্টার্জিত দুই লাখ টাকা উইপোকা ও ইঁদুরে কেটে টুকরো টুকরো করে ফেলায় দিশাহারা হয়ে পড়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারি গ্রামের ৭২ বছর বয়সী কৃষক তোফাজ্জল হোসেন। তাঁর এই দুর্দশার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। তাঁদের পাঠানো দুই লাখ টাকা আর্থিক সহায়তা পেয়ে হারিয়ে যাওয়া জমানো পুঁজি ফিরে পেলেন এই প্রান্তিক কৃষক।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তোফাজ্জল হোসেনের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলধারার সাংবাদিক ও প্রবাসীদের মানবিকতার এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। বক্তারা বলেন, একজন কৃষকের জমানো অর্থ নষ্ট হওয়ার পর প্রবাসীদের এভাবে এগিয়ে আসা দেশপ্রেম ও সহানুভূতির অনন্য নজির।

একসময় ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালানো তোফাজ্জল হোসেন বয়সের ভারে গ্রামে ফিরে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেন। তিন মেয়েকে কষ্ট করে বিয়ে দেওয়ার পর স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে তাঁর সংসার। জীবনের শেষ প্রান্তে এসে সঞ্চিত টাকা হারিয়ে যেখানে চরম হতাশায় দিন কাটছিল, সেখানে প্রবাসীদের পাঠানো এই সহায়তা পেয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তোফাজ্জল হোসেন।

Related Articles

Back to top button