থানায় বাদানুবাদ, ওসিকে দুর্নীতিবাজ বললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।


গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে থানায় ওসির কক্ষে অবস্থানকালে তিনি ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অনিয়ম-দুর্নীতির সরাসরি অভিযোগ তোলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজার সময় সরাইল থানায় পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়া এবং ওসির নানা অনিয়মের বিষয়ে জানতে রাত ৮টার দিকে শতাধিক সমর্থক নিয়ে থানায় যান রুমিন ফারহানা। বাদানুবাদের একপর্যায়ে রুমিন ফারহানার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। এছাড়া মাটি ও ইটভাটার ব্যবসা থেকে টাকা নেওয়া এবং নিরীহ মানুষকে মামলায় ফাঁসানোর অভিযোগ এনে রুমিন ফারহানা ওসিকে উদ্দেশ করে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও মিডিয়ার সামনে আপনার দুর্নীতির কথা তুলে ধরেছেন এবং আপনার অতীত ইতিহাসও আমাদের জানা।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, সংসদ সদস্য লোকজনকে অন্যায্য কথা শিখিয়ে থানায় এনে অস্থিরতা তৈরি করেছেন। তিনি দাবি করেন, পূজার সময় পুরো থানাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হলেও এককভাবে কারও জন্য আলাদা পুলিশ টিম রাখা কঠিন ছিল। এই ঘটনার প্রতিক্রিয়া জানতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

Related Articles

Back to top button