আমিন বাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার তেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক


সাভারের আমিন বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ল্যান্ডফিলে ভারী যন্ত্রপাতির (ভেকু) কাজে ব্যবহৃত ৮০০ লিটার সরকারি ডিজেল পাচারকালে আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে পাচারকৃত তেল ও কাজে ব্যবহৃত ড্রাম-ট্রাকটি জব্দ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়মিত তল্লাশিচৌকিতে গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়। আটক আল-আমিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের সন্তান এবং বর্তমানে রাজধানীর মিরপুর-১ এলাকায় বসবাস করে সিটি করপোরেশনের ড্রাম-ট্রাক চালাতেন।
পুলিশ জানায়, রাতে তল্লাশিকালে ৪০টি কনটেইনারে ভরা মোট ৮০০ লিটার ডিজেলসহ একটি ট্রাক রাজধানীর দিকে যেতে দেখে সেটিকে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে অবৈধ তেল উদ্ধারের পাশাপাশি চালককে আটক করা হয়।
সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছেন যে তিনি আমিন বাজার ল্যান্ডফিল থেকে সরকারি তেল চুরি করে রাজধানীর মোহাম্মদপুর এলাকার এক চোরাই তেল চক্রের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সাভার মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




