সামাজিক অবক্ষয় রোধে সাংস্কৃতিক বিপ্লব দরকার : আবদুস সালাম

সামাজিক অবক্ষয় রোধ এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে একটি শক্তিশালী সাংস্কৃতিক বিপ্লবের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘নান্দনিক নাট্য সম্প্রদায়’-এর ৪৯ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি জাতির মূল পরিচয় ফুটে ওঠে তার সংস্কৃতি, সাহিত্য ও কৃষ্টির মাধ্যমে। গুণীজনদের অবমূল্যায়ন ও ধারাবাহিক চর্চার অভাবে সংস্কৃতি অঙ্গনে চরম অবক্ষয় দেখা দিয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে পুরো সমাজে। এর ফলে তরুণদের মাঝে মাদকাসক্তি এবং মা-বাবা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধের অভাবের মতো নানা সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়ছে। এসব সমস্যা থেকে উত্তরণে গান, নৃত্য ও নাটকসহ সাংস্কৃতিক চর্চা জোরদার করা অত্যন্ত জরুরি।

প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যমের সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া এবং বিনোদনের ক্ষেত্র সীমিত হয়ে পড়া সমাজের জন্য কল্যাণকর নয়। তিনি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত পর্যায়ে পৃষ্ঠপোষকতা করার তাগিদ দেন। একইসঙ্গে নান্দনিক নাট্য সম্প্রদায়ের ৫০ বছর পূর্তির যাবতীয় কর্মসূচিতে পাশে থাকার আশ্বাস দেন।

সিটি কর্পোরেশনের উদ্যোগের কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক জানান, জরাজীর্ণ জহির রায়হান মিলনায়তনটি পুনর্গঠন করে সেখানে নাটক মঞ্চায়নের ব্যবস্থা করা হয়েছে। সংস্কৃতি ও দেশকে সমৃদ্ধ করতে কাউকে বাদ না দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এই বীর মুক্তিযোদ্ধা।

Related Articles

Back to top button