প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে টোকিও থেকে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের ঠিক পূর্বমুহূর্তে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরের সময় রাষ্ট্রদূতকে সেখানে উপস্থিত না থাকার নির্দেশনা দিয়ে ইতিমধ্যে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিশ্চিত সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের নির্দেশে প্রায় এক সপ্তাহ আগেই টোকিও থেকে ঢাকায় এসেছেন রাষ্ট্রদূত দাউদ আলী। বর্তমানে তিনি রাজধানীতে অবস্থান করছেন।

রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর এ সফরের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলামকে। অর্পিত দায়িত্ব পালনের লক্ষ্যে সচিব নজরুল ইসলাম বুধবার (২২ অক্টোবর) টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর সফর সম্পন্ন হওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন।

উচ্চপর্যায়ের এই রাষ্ট্রীয় সফরের আগমুহূর্তে রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠানোর ঘটনাকে বিরল বলে মনে করছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ঠিক কী কারণে বা কোন প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Related Articles

Back to top button