গাজীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল মসজিদ-দোকান


গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, তুলার গুদাম ও ভাঙারির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত ৪টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওই এলাকার একটি ঝুট গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর স্টেশন থেকে আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের আরও একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।
টানা দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান এবং একটি মসজিদ সম্পূর্ণ পুড়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে তদন্ত চলছে।




