জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব: গয়েশ্বর চন্দ্র রায়


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বাঁচানোর প্রশ্ন নয়, ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ‘জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বহু সংগ্রাম, আত্মাহুতি ও গুম-খুনের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সূচনা করা হয়েছে এবং ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদীদের বিতাড়িত করেছে। তবে ফ্যাসিবাদ ও এর নেতৃত্ব চলে গেলেও তাদের চরিত্র বহনকারী অনেকেই এখনো দেশে রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ভোরবেলায় ককটেল মিছিল বা বোমা ফাটিয়ে জনজীবন অস্থিতিশীল করার এবং গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা চলছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের পক্ষে সজাগ রয়েছে এবং দেশে কোনো অবস্থাতেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না।
গয়েশ্বর চন্দ্র রায় অবিলম্বে এসব দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, প্রশাসনের দায়িত্ব হলো গোপনে সক্রিয় থাকা ফ্যাসিবাদের দোসরদের নিবৃত্ত করা, বিচারের মুখোমুখি করা এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। শ্রদ্ধা নিবেদনকালে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শরাফত আলী সপুসহ জিয়া মঞ্চের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




