সরকারের প্রতি অনাস্থা ঢাকতেই দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার


সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
ব্রিফিংয়ে তিনি বিগত সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, দেশজুড়ে সিন্ডিকেট করে সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদী পন্থায় দেশ চালানোর চক্রান্ত চলছে। সার বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, সংরক্ষিত নারী এমপিদের ইন্ধনে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও চাঁদাবাজি হচ্ছে।
জামায়াত সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, সরকার দ্রব্যমূল্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট নিরসন করতে ব্যর্থ হয়েছে এবং গণভোটের রায়কে বাস্তবায়ন না করে ভিন্ন পথে হাঁটছে। সরকারের প্রতি জনগণের তৈরি হওয়া অনাস্থা ঢাকতেই এসব বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন। ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।




