মেঘনায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ, নৌপুলিশের বোটের ঢেউয়ে দুর্ঘটনার অভিযোগ


জেলা প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে নেমে তীব্র ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে মো. শামীম (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কাচিয়া ইউনিয়নের মাঝেরচরের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শামীম ওই এলাকার স্থানীয় জেলে আব্দুল জলিল নয়ন ও মনি দম্পতির ছোট ছেলে।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সকালে জোয়ারের সময় মায়ের সঙ্গে মেঘনা নদীর তীরে গোসলে নামে শামীম। মা ভেজা কাপড় বদলাতে কিছুটা ওপরে উঠলে শিশুটি তীরেই অবস্থান করছিল। এ সময় ইলিশা নৌথানা পুলিশের একটি দ্রুতগতির স্পিডবোট কুল ঘেঁষে যাওয়ার সময় সৃষ্ট তীব্র ঢেউয়ের কবলে পড়ে নদীর গভীরে তলিয়ে যায় শিশুটি। স্বজনরা চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজের বাবা আব্দুল জলিল নয়ন ক্ষোভ প্রকাশ করে জানান, পুলিশের স্পিডবোটের ঢেউয়েই তার ছেলে নদীতে ডুবে গেছে। তিনি অবিলম্বে ছেলেকে উদ্ধারে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
এ বিষয়ে ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, নৌপথের নিরাপত্তায় সকাল থেকেই এলাকায় তাদের অভিযান চলছিল। শিশু নিখোঁজের খবর পেয়ে নৌপুলিশের একটি টিম উদ্ধার অভিযানে ও বিষয়টি অনুসন্ধানে ঘটনাস্থলে গিয়েছে।




