দীঘির উদ্দেশে জয় বললেন, ‘পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ’


বিনোদনের ডেস্ক: বিএফডিসিতে আয়োজিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক সমিতির এক আয়োজনে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে প্রধান অতিথি তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থের পাশ কাটিয়ে যাওয়ার ঘটনা নিয়ে নেটমাধ্যমে জোর চর্চা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দীঘি ছবি তোলার জন্য এগিয়ে গেলেও তথ্যমন্ত্রী সৌজন্য বজায় রেখে কুশল বিনিময় শেষে দ্রুত স্থান ত্যাগ করেন, যা নিয়ে এক বার্তা দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
ঘটনাটির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে জয় জানান, এই ঘটনা থেকে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া যায়। প্রথমত, সরকার পরিবর্তনের পর সরকারের শীর্ষ ব্যক্তিদের চলচ্চিত্র অঙ্গনে ইতিবাচক উপস্থিতি ইন্ডাস্ট্রির জন্য এক আশার আলো। দ্বিতীয়ত, কাজের বাইরে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে যেন শিল্পীদের রাজনৈতিক বা সামাজিক বিপদে পড়তে না হয়, মন্ত্রী সে বিষয়ে এক ধরনের পরোক্ষ সহযোগিতাই করেছেন।
দীঘি ও অন্যান্য শিল্পীদের উদ্দেশ্যে জয় লেখেন, “শিল্পীদের বোঝা উচিত কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ। পূর্বের দিনগুলোতে আমাদের সকলের অভিজ্ঞতা খুবই ভয়াবহ। কাজটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমাদের ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হলে এবং আমরা যার যার প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরা নিজেরাই এসে আমাদের সাথে ছবি তুলবেন।”
এর পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের একত্র করে সফল আয়োজন করায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে সাধুবাদ জানান জয়। একই সঙ্গে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিভাবক হিসেবে আখ্যা দিয়ে তার অবদানের প্রশংসাও করেন তিনি।




