নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধের সংখ্যা বেড়ে ৬


নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন— শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সোরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪ মিনিটে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। হাসপাতালের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, জরুরি বিভাগে নিয়ে আসা রোগীদের মধ্যে শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সোরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ আগুনে দগ্ধ হয়েছে।
বর্তমানে আহতদের শারীরিক অবস্থা বিচারে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। সোরাফ ও ছাদেকুরের অবস্থা বিবেচনা করে তাদের হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে। এছাড়া শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে পিয়াস ও সুমনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।




