পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার খালাস ও জাহাজে তোলার কাজে পরিচালন দক্ষতার নতুন মাইলফলক স্পর্শ করেছে পরিচালনা প্রতিষ্ঠান আরএসজিটি বাংলাদেশ। আন্তর্জাতিক শিপিং লাইন সিএমএ সিজিএমের জাহাজ ‘এমভি আমুরো’ পরিচালনাকালে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ ও ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের এক নতুন রেকর্ড গড়েছে আন্তর্জাতিক মানের এই টার্মিনাল অপারেটর।

বন্দর ও টার্মিনাল সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১৮ অক্টোবর ‘এমভি আমুরো’ জাহাজের পরিচালন কার্যক্রমে মাত্র ২১ ঘণ্টার মধ্যে ১ হাজার ৫২৪টি কনটেইনার সফলভাবে খালাস ও বোঝাই করা সম্পন্ন হয়, যা প্রায় ২ হাজার ৫৭১ টিইইউর সমপরিমাণ। টার্মিনালটিতে অত্যাধুনিক শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন চালুর পর এটাই এ যাবৎকালের সর্বোচ্চ উৎপাদনশীলতা।

এর আগে গত সেপ্টেম্বর মাসে ঘণ্টায় ৫৮ মুভ ও ৮২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল। তবে মাত্র এক মাসের ব্যবধানে কনটেইনার ব্যবস্থাপনার এই গতি বৃদ্ধি পাওয়াকে টার্মিনালের আধুনিক পরিচালন ক্ষমতার বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য শিপিং লাইন সিএমএ সিজিএম কর্তৃপক্ষ আরএসজিটি বাংলাদেশের কাজের প্রশংসা করেছে।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে কাজ করা আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) নাবিল ইউসুফ জানান, পরিচালন দক্ষতার নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করা এবং বন্দরের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে বৈশ্বিক মেরিটাইম শিল্পে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে তারা কাজ করে যাচ্ছেন।

Related Articles

Back to top button