সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি


শোবিজ অঙ্গনে কাজের চেয়ে বিভিন্ন ব্যক্তিগত বিতর্ক ও ঝামেলা নিয়েই বেশি আলোচনায় থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ও বিকৃত ‘আপত্তিকর’ ভিডিও নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চার মুখে পড়েন তিনি।
এমনকি দিন কয়েক আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভে এসে অপরাধীদের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন পরীমনি, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীতে একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জীবনে বারবার নানা অনাকাঙ্ক্ষিত ঝামেলা সৃষ্টি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমার কপালে মনে হয় এটাই লেখা যে সারাজীবন ঝামেলা হবে, আর ঝামেলা নিয়েই যেতে হবে। আমি এটা হাসিমুখেই মেনে নিয়েছি এবং এখন এনজয় করি।”
তাঁর সাহসী ভূমিকার প্রশংসা পাওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, “সবাই যখন আমার এই সাহসের সম্মান জানায়, তখন আরও বাড়তি সাহস পাই। মনে হয় আমি সঠিক পথেই আছি।”
প্রযুক্তির অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পরীমনি বলেন, এআই প্রযুক্তি দিয়ে নারীদের হয়রানি করার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তারকা হওয়ার কারণে প্রথম কয়েক দিন বিষয়টি তিনি এড়িয়ে গেলেও সাধারণ কোনো নারীর ক্ষেত্রে এটি ঘটলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন, এমনকি আত্মহত্যার মতো চরম পথও বেছে নেন। তাই সাইবার অপরাধ ও প্রযুক্তিভিত্তিক এই হয়রানির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।




