মুক্তির আগে ব্যাপক প্রচারণা, কেমন আয় করছে দেব-শুভশ্রীর ‘দেশু ৭’?

মুক্তির আগে ব্যাপক প্রচারণা নিয়ে দর্শকমহলে দারুণ আলোচনার জন্ম দিয়েছিল দেব ও শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমা ‘দেশু ৭’। কলকাতা থেকে শুরু করে ত্রিপুরার আগরতলাসহ বাংলাভাষী বিভিন্ন শহরের প্রচার অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকের নজর কেড়েছিলেন এই জুটি। দুর্গাপূজায় গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটির প্রথম তিন দিনের বক্স অফিস আয়ের হিসাব সামনে এসেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ২ কোটি ২১ লাখ রুপি এবং গ্রস আয় হয়েছে ২ কোটি ৫৭ লাখ রুপি। ছবিটির মুক্তির প্রথম দিনে নেট সংগ্রহ ছিল ৭০ লাখ রুপি, যা ২০২৬ সালে মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।

রোববার (১৮ অক্টোবর) শুধু বক্স অফিস থেকে ছবিটি প্রায় ৭২ লাখ রুপি নেট আয় করেছে। এদিন সকালে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতির হার কিছুটা কম থাকলেও সন্ধ্যার শোয়ে তা বেড়ে ৩০ শতাংশের বেশি দাঁড়ায়। অর্থাৎ ছুটির দিনগুলোতে শেষের দিকে ছবিটির দর্শক উপস্থিতি ও আয়ে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে।

তবে দেবের আগের সিনেমা ‘ধূমকেতু’র প্রথম উইকেন্ডের আয়ের রেকর্ড এখনও পেরোতে পারেনি ‘দেশু ৭’। এর আগে ‘ধূমকেতু’র প্রথম রোববারের একক নেট আয় ছিল ৯৯ লাখ রুপি। চলতি পূজার ছুটিতে ‘দেশু ৭’-এর পাশাপাশি ‘দ্য একেন: কেরালা এক কুরুক্ষেত্র’, ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ এবং ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র মতো সিনেমাগুলোও প্রেক্ষাগৃহে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে।

উল্লেখ্য, দেব-শুভশ্রীর এই সপ্তম যৌথ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো পরিচালকের আসনেও বসেছেন দেব। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। কলকাতার একটি পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর প্রশাসন কিছু বিধিনিষেধ আরোপ করলেও প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি এখনও বেশ স্থিতিশীল রয়েছে। এখন পূজার বাকি দিনগুলোতে ছবিটি বক্স অফিসে কতটা জমজমাট ব্যবসা করতে পারে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।

Related Articles

Back to top button