রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ২


রাজধানীর রমনা থানার মগবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত রিয়াদ হোসেন (২২) নামের আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
এর আগে রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে মগবাজার ওয়্যারলেস গেট এলাকার গ্র্যান্ড প্লাজার সামনে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া গতির কাভার্ড ভ্যানটির চাপায় মোটরসাইকেল ও সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মোটরসাইকেল আরোহী জামান আহমেদকে (৪২) মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা রিয়াদ হোসেনকেও মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রিপন (৪০) নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জামান আহমেদ ও রিয়াদ হোসেনের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুগাতী গ্রামে। নিহত জামান ওই এলাকার ইলিয়াস ফকিরের ছেলে। অন্যদিকে আহত রিপনের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামে; তিনি বর্তমানে পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সড়ক দুর্ঘটনায় রিয়াদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যান ও ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




