টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়াসহ ৯ দফা দাবি হেফাজতের

ভারতের মাওলানা সাদ কান্ধলভির বাংলাদেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা এবং টঙ্গী ময়দানে সাদপন্থীদের ইজতেমা আয়োজনের অনুমতি না দেওয়াসহ ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।


রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক মতবিনিময় সভায় সংগঠনের মহাসচিব মুহাম্মাদ সাজেদুর রহমানের সই করা লিখিত পত্রে এসব দাবি উত্থাপন করা হয়।

সংগঠনটি মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস এবং কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন পাস না করার দাবি জানায়। একই সঙ্গে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

শিক্ষাক্ষেত্রে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর করে সরকারি ধর্মীয় শিক্ষক পদসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ তৈরি এবং প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি তোলা হয়। এছাড়া কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা, হিজবুত তাওহীদ নিষিদ্ধ করা, পার্বত্য চট্টগ্রামে মিশনারিগুলোর অপতৎপরতা বন্ধ এবং আলেমদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায় তারা।

ইজতেমা প্রসঙ্গে টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা করা, মাওলানা সাদের বাংলাদেশে আগমনে নিষেধাজ্ঞা বহাল রাখা এবং সাদপন্থীদের টঙ্গী ময়দানে ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের প্রায় ৭০ জন শীর্ষ আলেম এবং সরকারের শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button