দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী


উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা ইউএনওদের উদ্দেশে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকাকে মানুষের সেবা করার একটি বড় সুযোগ ও আমানত হিসেবে দেখতে হবে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণ ও সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে তিনি প্রতিটি মানুষকে নিজের এলাকার মনে করে দায়িত্ব পালনের তাগিদ দেন।
আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা এবং তরুণ সমাজকে সুশৃঙ্খল রাখতে স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করার অনুরোধ জানান তিনি।
সমাজে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে মানবিকতা ও পশুপাখির প্রতি মমত্ববোধের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে শৈশব থেকেই শিশুরা প্রকৃতি ও প্রাণীর প্রতি যত্নবান হতে পারে।
সভায় খাল খনন প্রকল্পের দায়িত্ব সততার সঙ্গে পালন করে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ায় ৮৩টি উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
সারা দেশে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, এটি ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা, সেচ সুবিধা এবং কৃষি উৎপাদনে দীর্ঘমেয়াদি সুফল আনবে।
ইউএনওরা এ সময় খাল খননের ফলে এলাকায় তিন ফসল উৎপাদনসহ স্থানীয় কৃষি ও পানি ব্যবস্থাপনায় আসা ইতিবাচক পরিবর্তনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তারসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




