বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিকের মৃত্যু: হাসপাতালে স্বজনদের আহাজারি

বগুড়ার এরুলিয়ায় কাজের খোঁজে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিকের পরিবারের সদস্যদের কান্না ও আর্তনাদে ভারী হয়ে উঠেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা।

শুক্রবার ভোরে দিনমজুরের কাজ খুঁজতে ও কৃষি শ্রমিক নিতে এরুলিয়ার কামলার হাটে জড়ো হওয়া মানুষের ওপর বাস উঠে গেলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

হাসপাতাল চত্বরে স্বজন হারানো পরিবারগুলোর অবর্ণনীয় শোকের চিত্র দেখা যায়। নিহত আবু সাঈদ মণ্ডলের স্ত্রী রিনা বেগম ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমিরুলের স্বজনেরা চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভেসে যান। স্বজনেরা জানান, মৃত ব্যক্তিরা সকলেই ভূমিহীন বা দিনমজুর ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে সংসার চালাতেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া সিলকিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনসহ মোট ৭ জন মারা যান। দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন— তাজিমুল (৪৭), বেল্লাল হোসেন, আবু সাঈদ (৪৫), আনারুল (৫৫), আমিরুল (৪০), নূর আলম (৪৫) এবং জমি মালিক নূর মোহাম্মদ (৭৬)।

Related Articles

Back to top button