প্রতারণা অভিযোগে আইনি বিপাকে সালমান


৩ কোটি রুপির একটি প্রতারণা মামলায় বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন বলিউড তারকা সালমান খান, তার বোন আলভিরা খান অগ্নিহোত্রি এবং তাদের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর বেশ কয়েকজন কর্মকর্তা।
২০২১ সালে দায়ের হওয়া এই মামলায় চণ্ডীগড়ের একটি জেলা আদালত আসামিদের জবাব চেয়ে নোটিশ জারি করেছেন। আদালত তাদের আগামী ৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে নিজেদের লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঘটনার শুরু চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তের একটি অভিযোগকে কেন্দ্র করে। তিনি অভিযোগ করেন, ‘বিইং হিউম্যান জুয়েলারি’র ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সালমান খান নিজে ‘বিগ বস’ শোতে শোরুমের প্রচার করবেন এবং চণ্ডীগড়ে এসে সশরীরে উদ্বোধন করবেন।
কিন্তু ৩ কোটি রুপি বিনিয়োগ করে ২০১৮ সালে শোরুম চালু করার পর উদ্বোধনে সালমান খানের পরিবর্তে পাঠানো হয় তার শ্যালক আয়ুশ শর্মাকে। পরে ২০২০ সালে হঠাৎ করেই কোম্পানিটি মূল পণ্যের গুদাম বন্ধ করে দিলে শোরুমে নতুন পণ্যের সরবরাহ আটকে যায় এবং তার ব্যবসায় চরম ধস নামে।
প্রতারণার শিকার হয়ে ২০২১ সালে চণ্ডীগড় পুলিশের শরণাপন্ন হন এই ব্যবসায়ী। সে সময় পুলিশ সমন জারি করলেও কোনো সুরাহা না হওয়ায় পরবর্তীতে তিনি আদালতের দ্বারে যান।
মামলার শুনানিতে আদালত জানান, কোনো পক্ষকে দোষী বা আইনি পদক্ষেপ নেওয়ার আগে অভিযুক্তদের বক্তব্য জানা আবশ্যক, তাই বিচারক সালমান খান ও সংশ্লিষ্টদের আগামী অক্টোবরের মধ্যে জবাব দাখিলের এই আদেশ দেন।




