চট্টগ্রামে পোড়া তেল ও বাসি খাবার রাখায় ৩ রেস্তোরাঁকে জরিমানা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার সংরক্ষণের দায়ে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানে পোড়া তেল ব্যবহার, কাঁচা মাছ-মাংসের সঙ্গে বাসি গ্রিল সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়ায় ‘হোটেল পতেঙ্গা’কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদনের দায়ে ‘চাটগাঁও রান্নাঘর’কে ১০ হাজার টাকা এবং ফ্রিজে অপরিচ্ছন্নভাবে খাবার সংরক্ষণের অপরাধে ‘ভ্যালেন্সিয়া ফুড কর্নার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি চলছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button