সুইফটের নতুন পেমেন্ট ব্যবস্থায় বিশ্বজুড়ে সিটি ব্যাংকের অনন্য রেকর্ড

আন্তর্জাতিক অর্থ স্থানান্তরে সুইফটের নতুন রিটেইল ক্রস-বর্ডার পেমেন্ট ব্যবস্থায় বিশ্বের প্রথম ব্যাংক হিসেবে অর্থ প্রেরণ ও গ্রহণ—উভয় ভূমিকা সফলভাবে সম্পন্ন করে অনন্য মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের সিটি ব্যাংক। ‘সুইফট স্কিম’ নামের নতুন এই আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার আওতায় বিশ্বে সিটি ব্যাংকই প্রথম প্রতিষ্ঠান, যা এই দ্বিমুখী লেনদেন প্রক্রিয়া সফল করল।


নতুন এই পেমেন্ট কাঠামোটি বাস্তবায়নে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ১৭টি দেশের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র ব্যাংক হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সিটি ব্যাংক সুইফটের এই নতুন উদ্যোগে যুক্ত হয়।

সিটি ব্যাংক নতুন ব্যবস্থার অধীনে গত ২২ জুন মাত্র ১ মিনিটে প্রথম আন্তর্জাতিক লেনদেনটি সম্পন্ন করে এবং দ্বিতীয় লেনদেনটিতে সময় নেয় রেকর্ড ৫৭ সেকেন্ড। পরদিন ২৩ জুন ভারতের এইচডিএফসি (HDFC) ব্যাংকের সঙ্গে সমন্বয় করে গেটওয়ে মিডিয়ার ভূমিকা পালনের মাধ্যমে আরও একটি আন্তর্জাতিক লেনদেন সম্পাদন করে, যা বাংলাদেশের অন্য একটি স্থানীয় ব্যাংকে সফলভাবে স্থানান্তর করা হয়।

সুইফটের প্রথাগত আন্তর্জাতিক লেনদেন ও রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে একাধিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও নিয়মনীতির কারণে প্রক্রিয়া দীর্ঘায়িত হতো এবং বাড়তি ফি লাগত। এই আধুনিক প্রযুক্তি কাঠামোর মাধ্যমে গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখন থেকে আরও কম খরচে, দ্রুত, নিরাপদ ও স্বচ্ছভাবে অর্থ স্থানান্তর করতে পারবে। পাশাপাশি লেনদেনের শতভাগ মূল্যপ্রাপ্তির গ্যারান্টি এবং ২৪ ঘণ্টা রিয়েল-টাইমে অর্থ ট্র্যাক করার সুবিধাও মিলবে।

সিটি ব্যাংকের এই আন্তর্জাতিক অর্জনকে সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও সুইফটের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের কান্ট্রি প্রধান কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের হাতে বিশেষ স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মেসবাহউল আসিফ সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button