ফিফার বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগের পর জর্ডানের ব্যাংকে টাকা ঢুকল

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের গুরুতর অভিযোগ তোলার ঠিক দুই দিন পর বকেয়া প্রাইজমানির অর্থ হাতে পেয়েছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন।


দীর্ঘ আট মাস ধরে আটকে থাকা ২০২৫ সালের আরব কাপের ফাইনালিস্ট হিসেবে প্রাপ্য এই অর্থ জমা হওয়ার বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন জর্ডান ফুটবলের প্রধান প্রিন্স আলী বিন হুসেইন।

বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি কোম্পানির কাছে বিক্রির চেষ্টার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছিলেন প্রিন্স আলী।

একই সঙ্গে তিনি অভিযোগ তুলেছিলেন, ফিফায় ইনফান্তিনোর প্রতি সমর্থন জোগানোর বিনিময়ে জর্ডানের আটকে থাকা প্রাইজমানিসহ নানা সমস্যা সমাধানের প্রস্তাব ও মৌখিক প্রলোভন দেওয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় প্রিন্স আলী বিলম্বিত এই অর্থ পরিশোধের জন্য ফিফাকে ধন্যবাদ জানান। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বকেয়া অর্থ বুঝে পেলেও ফিফা সভাপতির প্রতি তাদের আগের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

তিনি জানিয়ে দেন, জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন কোনোভাবেই সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন করবে না এবং নির্বাচনে তাকে ভোট দেওয়া থেকেও বিরত থাকবে।

Related Articles

Back to top button