পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ করার উদ্যোগ নিয়েছে সরকার।


এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর একটি খসড়া জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

খসড়া আইনে র‌্যাবের বিদ্যমান কাঠামোকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত এই ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এতে বাহিনীর দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়াটি চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়ে মন্ত্রিসভায় পাঠানো হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর তা জাতীয় সংসদে তোলা হবে। নতুন আইন কার্যকর হলে র‌্যাব-সংক্রান্ত বিদ্যমান আইনি ভিত্তি বিলুপ্ত হবে। তবে নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত আগের কিছু বিধান বলবৎ থাকবে।

নতুন এই ইউনিটের জন্য সরকার কর্তৃক নির্ধারিত একটি প্রতীক (লোগো), পতাকা ও সুনির্দিষ্ট পোশাক থাকবে।

এসআরবি হবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট, যার নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক।

প্রধান কার্যালয় ঢাকায় থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো স্থানে ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন বা সেকশন গঠন ও ইউনিট স্থাপন করা যাবে।

পুলিশের পাশাপাশি অন্যান্য শৃঙ্খলা বাহিনী ও প্রতিরক্ষা কর্মবিভাগ থেকে নির্ধারিত শর্তে ন্যূনতম ২ বছরের জন্য প্রেষণে বা অস্থায়ীভাবে সদস্যদের এই ইউনিটে সংযুক্ত করার বিধান রাখা হয়েছে।

Related Articles

Back to top button