শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান


রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী লীগের নৃশংসতার চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বৈশ্বিক প্রচারণা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং রাজনৈতিক যোগাযোগের সুযোগ দিয়ে ভারত প্রতিবেশীদের সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক টিকিয়ে রাখার যে নীতি নিয়েছে, তা দীর্ঘমেয়াদে তাদের নিজেদের জন্যই ক্ষতি বয়ে আনবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করে স্বৈরাচারী শক্তিকে প্রাধান্য দেওয়ার পরিণতি ভারতকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দৌরাত্ম্য রোধে সরকারের উচিত ভারতের ওপর ধারাবাহিক কূটনৈতিক চাপ বজায় রাখা এবং আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের নৃশংসতা তুলে ধরা। কারণ মিথ্যা প্রচারণায় তারা অত্যন্ত পারদর্শী।
বিচারে কোনো ধরনের শিথিলতা না দেখানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের গতি স্লথ করা যাবে না। দ্রততম সময়ে ও ব্যাপকতার সঙ্গে বিচার সম্পন্ন না করা গেলে শেখ হাসিনা বারবার দেশে ফেরার ঘোষণা দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁতারা করবে। তাই দ্রুত রাষ্ট্র সংস্কার ও আইনি পদক্ষেপের মাধ্যমে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি।




