১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে: প্রধানমন্ত্রী

আগামী ১০ বছরের জন্য দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এই পরিকল্পনা অনুযায়ী কাজ করে দেশের স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থাও করা হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য নেওয়া বিভিন্ন পরিকল্পনা জনগণের কল্যাণে আসেনি। বর্তমান সরকার এই ব্যবস্থাকে জনগণের স্বার্থে পরিকল্পিতভাবে সাজানোর কাজ শুরু করেছে। জ্বালানি খাত নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা বা জনগণের শান্তি বিনষ্ট না করার জন্য তিনি সতর্ক করেন।

দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে হলে আইনশৃঙ্খলা ও জ্বালানি নিরাপত্তা জরুরি। শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এবং কাঁচামাল পরিবহনের সুব্যবস্থা থাকলে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। বাঁশখালীর আনোয়ারায় চীনা বিনিয়োগে কয়েকশ শিল্পকারখানা গড়ে উঠবে, যা স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখবে।

কৃষি ও সামাজিক সুরক্ষা খাতের উল্লেখ করে তিনি জানান, সাধারণ কৃষকদের পাশাপাশি লবণ চাষিদেরও ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হবে এবং তাদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে লবণের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরে সারাদেশে প্রায় ৪১ লাখ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে, যার মধ্যে বাঁশখালী এলাকার ১০ থেকে ১২ হাজার পরিবার এই সুবিধা পাবে।

একই সমাবেশে প্রধানমন্ত্রী বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কথা জানান।

Related Articles

Back to top button