ময়মনসিংহে ৫৮ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ময়মনসিংহের ২ হাজার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১ হাজার ২৪২টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা মোট বিদ্যালয়ের প্রায় ৫৮ দশমিক ৪ শতাংশ।


জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, মাত্র ৮৯৮টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক কর্মরত আছেন। পাশাপাশি সহকারী শিক্ষকের ৮৫৩টি পদ খালি থাকায় জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে।

শিক্ষক সংকটের কারণে অনেক বিদ্যালয়ে মাত্র দুই বা তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে। সদর উপজেলার পয়েস্তির চর তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র দুইজন শিক্ষক। একইভাবে বোররচর মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিক্ষককে প্রতিদিন প্রায় ১০টি করে ক্লাস নিতে হচ্ছে। কোনো কোনো বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশাসনিক সভা বা কাজে উপজেলায় গেলে সময়সীমার আগেই বিদ্যালয় ছুটি দিতে হচ্ছে। এর ফলে শিক্ষার্থী সংখ্যাও আশঙ্কাজনক হারে কমছে।

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এক মাসের মধ্যে সম্পন্ন হলে এবং পদোন্নতি জটিলতা নিরসন করে চলতি গ্রেডেশন তালিকা অনুযায়ী পদ পূরণ করা হলে এই সংকট অনেকটাই কেটে যাবে। তবে পদায়ন না হওয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে প্রশাসনিক ও পাঠদানের বাড়তি চাপ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদেরই সামলাতে হচ্ছে।

Related Articles

Back to top button