ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি : মির্জা ফখরুল


ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পর তা রক্ষার দায়িত্ব পড়েছে বিএনপির ওপর। তবে বিএনপি যখন দেশকে এগিয়ে নিচ্ছে, তখন একটি মহল ও রাজনৈতিক দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চিকিৎসকদের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশকে আবারও পেছনে টেনে নেওয়ার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে চিকিৎসকদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, চিকিৎসকরা সমাজের অন্যতম উচ্চশিক্ষিত শ্রেণি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সম্পর্কে জনগণকে সচেতন করতে তাদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের মর্যাদা, সমতা এবং নতুন উন্নয়ন নিশ্চিত হবে। আমাদের মূল স্লোগান—সবার আগে বাংলাদেশ।”
সমাবেশের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে তারা অনুষ্ঠানের সূচনা করেন।
ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ড্যাব মহাসচিব জহিরুল ইসলাম শাকিল।




