সৌদি আরবে অগ্নিকাণ্ডে নাটোরের ৩ যুবক নিহত

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের তিন যুবক নিহত হয়েছেন।


রোববার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরান খান এবং খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত প্রবাসীদের পরিচয় জানা গেছে। তারা হলেন খাজুরা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মো. জাকির হোসেনের ছেলে শামীম আহমেদ (৩৫), খাজুরা শ্রীপুরপাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ (৩০) এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয় (২৫)।

খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, দারিদ্র্য জয় করতে কয়েক বছর আগে এই তিন যুবক সৌদি আরবে যান এবং তারা রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন। রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে কারখানাটিতে ভয়াবহ আগুন লাগলে ভেতরে আটকা পড়ে তারা মৃত্যুবরণ করেন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান খান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে জানান, জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Related Articles

Back to top button