মাটিরাঙ্গা সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি


খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে ৭ লাখ টাকা।
রোববার (৯ আগস্ট) ২৩ বিজিবির যামিনীপাড়া জোনের আওতাধীন তানাক্কাপাড়া বিওপির একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে পানির পয়েন্ট নামক স্থানে গরুগুলো দেখতে পান বিজিবি সদস্যরা। সে সময় গরুগুলোর কোনো দাবিদার বা মালিককে পাওয়া যায়নি।
২৩ বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন জানান, জব্দ করা ভারতীয় গরুগুলো সিজার তালিকার মাধ্যমে চট্টগ্রামের সীতাকুণ্ড শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা সুসংহত রাখার পাশাপাশি চোরাচালান, সীমান্ত হত্যা, মানব পাচার ও পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বজায় রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।




