চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার সকালে বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে নোয়াখালী থেকে যশোরগামী ‘আল-আরাফাহ’ পরিবহনের বাস ও বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাকের মধ্যে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। স্থানীয় জনগণ ও পুলিশ সদস্যরা মিলে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আকলিমা আক্তার জানান, আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান তিনজনের মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Related Articles

Back to top button