নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে আহত ছাত্রদল নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আহত ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আল মাসুম ঘটনার ৯ দিন পর মারা গেছেন।

১০ আগস্ট ২০২৬ সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ আগস্ট রাতে ডাঙ্গা ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় বিজয়, সবুজ, ইকবাল ও সানির নেতৃত্বাধীন দলবল অতর্কিত হামলা চালিয়ে মাসুমের পেটে গুলি করে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে ডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও অন্তত ১০ জন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

এ ঘটনায় মাসুমের বোনজামাই হাসান মো. মহসিন বাদী হয়ে ৪ আগস্ট ৩৭ জনের বিরুদ্ধে পলাশ থানায় মামলা দায়ের করেন। পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকা শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Related Articles

Back to top button