বাংলাদেশের ই-গভর্নেন্স ও প্রযুক্তি খাতে সহযোগিতায় আগ্রহী এস্তোনিয়া


১০ আগস্ট ২০২৬ এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয়।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব মো. নজরুল ইসলাম এবং এস্তোনিয়ার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগীয় প্রধান মাতি মুর্দ স্ব-স্ব দেশের নেতৃত্ব দেন। বৈঠকে ই-গভর্নেন্স, ডিজিটাল আইডেন্টিটি ও নিরাপদ তথ্য বিনিময়ে বাংলাদেশকে সহায়তার পাশাপাশি এস্তোনিয়ান প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়।
বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এস্তোনিয়ার বিনিয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি তৈরি পোশাক, পাট ও ওষুধ খাতের সক্ষমতা তুলে ধরা হয়।
বৈঠকে আইটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, স্বাস্থ্যকর্মী ও নির্মাণ শ্রমিকসহ ইইউ ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের সম্ভাবনা উঠে আসে।
এছাড়া উভয় দেশ দ্বৈত কর পরিহার ও বিনিয়োগ সুরক্ষাসহ বেশ কিছু চুক্তি দ্রুত সম্পন্ন করা, পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।




