গ্রামীণ স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সরকার কাজ করছে: মতলবে স্বাস্থ্যমন্ত্রী

গ্রামের মানুষকে যেন চিকিৎসার জন্য শহরে ছুটতে না হয়, সেজন্য স্থানীয় পর্যায়ে সব সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


রোববার (৯ আগস্ট) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। এজন্য তিনি হাসপাতাল চত্বরের জায়গা ও বিদ্যমান ভবন পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত দুটি ভবন ভেঙে ১০১ শয্যার নতুন ভবন তৈরির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসক ডা. সিদ্দিকুর রহমান টুটুল ও নার্স রেহেনা আক্তার অনুপস্থিত থাকায় তাদের ১ দিনের বেতন কাটার নির্দেশ দেন মন্ত্রী। তবে রোগীদের খাবারের মান এবং হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে ইতিবাচক মন্তব্য করেন তিনি।

সরকারি হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী পাশের ‘সাকিব হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার’ নামক একটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন। কাগজপত্র যাচাইকালে পরিবেশ ছাড়পত্র না থাকায় তিনি ক্লিনিক কর্তৃপক্ষকে ১ মাসের সময় বেঁধে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড়পত্র জমা দিতে না পারলে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়।

এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (গাইনি) ডা. ফাতেমা আক্তার সপ্তাহে ৩ দিন উক্ত ক্লিনিকে রোগী দেখেন জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী এবং তাৎক্ষণিক তাঁর রোগীর রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করেন।

পরিদর্শনকালে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button