জামালপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

জামালপুরে এক সড়ক দুর্ঘটনায় এ কে এম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকার চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।


নিহত বিচারক এ কে এম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা লালমাটিয়া থেকে প্রাইভেটকারে জামালপুর যাওয়ার পথে লাহিড়ীকান্দা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। চাকা ফুটো হয়ে যাওয়ায় ট্রাকের চালক ও হেলপার সেটিকে সড়কের ওপর রেখেই ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার ধাক্কায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে বিচারক ছামিউল হক ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে জামালপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Back to top button