চট্টগ্রামে দলীয় সভায় তৃণমূলকে শক্তিশালী করার নির্দেশ তারেক রহমানের

কক্সবাজার ও চট্টগ্রাম সফর শেষে নগরের একটি অডিটোরিয়ামে দলীয় সাংগঠনিক সভায় যোগ দিয়ে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান জানান।

রোববার (৯ আগস্ট) রাতে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

তৃণমূলের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, “বিএনপির সবচেয়ে বড় শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূলকেই সুসংগঠিত করতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করেই রাজনীতি করতে হবে।”

দলীয় ভাবমূর্তি বজায় রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের আচার-আচরণ যেন জনগণের কাছে ইতিবাচক বার্তা দেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়ে তিনি জানান, ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশ ও দলের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। ইউনিয়ন, ওয়ার্ড ও থানা পর্যায় পর্যন্ত সাংগঠনিক শৃঙ্খলা, জবাবদিহি এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

চট্টগ্রামের দলীয় কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর গতিশীলতা বাড়াতে নেতাদের নিয়মিত যোগাযোগ রক্ষার নির্দেশ দিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

Related Articles

Back to top button