নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে মান্দা-নিয়ামতপুর সড়কের শান্তা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শাহজাহান আলী পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের কছির উদ্দিন সরদারের ছেলে। তিনি বানিসর বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান আলী মোটরসাইকেলযোগে নিয়ামতপুর উপজেলা সদরে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে শান্তা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ট্রাকটি হেফাজতে নিয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Back to top button